
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সাহরাইল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মারিয়া (১৪) হত্যা মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।সোমবার (২২ জুন) নিহত মারিয়ার মা কামরুন্নাহার বাদী হয়ে সিংগাইর থানায় মামলাটি করেন। মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী আলিফ (১৬), তার মা রুমা (৪৫), বোন মিম (২২) এবং সাহরাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ ১৫ জনকে আসামি করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— আলিফ, মাসুদ (৩৫), সুজন (৩০), রাসেল (৩০), রুমা, মিম, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম এবং বিদ্যালয়ের আইসিটি শিক্ষক মোহাম্মদ ইয়াকুব মোল্লা (২৯)।মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ জুন বিদ্যালয়ের টিফিন বিরতির সময় একটি শ্রেণিকক্ষে মারিয়া ও দশম শ্রেণির শিক্ষার্থী আলিফকে ঘিরে একটি ঘটনার অভিযোগ ওঠে। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে বিষয়টি ধরা পড়ার পর কর্তৃপক্ষ উভয় শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে মুচলেকা নেয় এবং পরে তাদের ট্রান্সফার সার্টিফিকেট (টিসি) প্রদান করা হয়।একই দিন মারিয়া বাড়িতে নিজের মোবাইল ফোন রেখে নিখোঁজ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরবর্তীতে ঘটনাটি হত্যা মামলায় রূপ নেয় এবং তদন্তের ভিত্তিতে একে একে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।