
বরগুনার পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হককে বর্তমান কর্মস্থল থেকে প্রত্যাহার করে পুলিশ সুপারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। শনিবার (২০ জুন) বরগুনা পুলিশ সুপারের কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।আদেশে বলা হয়েছে, প্রশাসনিক কারণে ওসি এনামুল হককে পাথরঘাটা থানা থেকে প্রত্যাহার করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুলিশ সুপারের কার্যালয়, বরগুনায় সংযুক্ত করা হয়েছে।এর আগে ফাতিমা জামাদ্দার অর্পা নামে এক নারী অভিযোগ করেন, মামলা করতে গিয়ে তিনি ওসির কাছে অপদস্থ হন এবং ন্যায়বিচার পেতে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। এছাড়া আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও মামলা গ্রহণ না করা, নারী বাদীদের নিয়ে আপত্তিকর মন্তব্য করা এবং এক ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলে সম্বোধনের অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের অভিযোগ ছিল, ওসি এনামুল হক সরকারি মোবাইল নম্বরে অধিকাংশ সময় ফোন রিসিভ করতেন না, ফলে জরুরি প্রয়োজনে সেবাপ্রার্থীরা ভোগান্তির মুখে পড়তেন।ঘটনার ভিডিও ও অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয় মহলে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে প্রশাসনিক সিদ্ধান্তে তাকে প্রত্যাহার করা হয়েছে।