
মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক সংসদ সদস্য ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।সোমবার (১৮ মে) ঢাকা মহানগর দায়রা স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদক প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি।মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. আবুল কালাম আজাদ গত ২৫ মার্চ গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।দুদকের আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্য আসামিরা যোগসাজশে সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর এজেন্ট হিসেবে নিয়োগ পান। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করা হয়।অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন ধাপে রিক্রুটেড শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা আদায় করা হয়েছে। পরে সেই অর্থ ছদ্মাবরণ, হস্তান্তর ও রূপান্তরের মাধ্যমে অর্থপাচার করা হয়।এ ঘটনায় দণ্ডবিধি, মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। দুদকের দাবি, মাসুদ উদ্দিন চৌধুরী জামিনে মুক্তি পেলে তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। তাই সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানো প্রয়োজন।