
রাজধানীর কামরাঙ্গীরচরে পূর্ব শত্রুতার জেরে মোহাম্মদ হোসেন (২৭) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় মাত্র চার ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কামরাঙ্গীরচর থানা পুলিশ।গ্রেপ্তারকৃতরা হলো মো. পরান (২০) ও মো. ইমরান (২০)। এ সময় তাদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা চাকু উদ্ধার করা হয়েছে।পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে কামরাঙ্গীরচর থানার পূর্ব ইসলামনগর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় পূর্ব শত্রুতার জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর আহত হন মোহাম্মদ হোসেন।স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে এবং অভিযুক্তদের পালিয়ে যাওয়ার পথ বন্ধ করতে বিভিন্ন স্থানে চেকপোস্ট স্থাপন ও তল্লাশি অভিযান শুরু করে।পরে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে কামরাঙ্গীরচর থানার নূরবাগ এলাকা থেকে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে রক্তমাখা একটি চাকু উদ্ধার করা হয়।পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরেই এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এ ঘটনায় কামরাঙ্গীরচর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তাদেরও আইনের আওতায় আনার জন্য তদন্ত অব্যাহত রয়েছে।