
২০২৩ সালের ২৫ নভেম্বর অনুষ্ঠিত ‘অফিস সহায়ক’ পদের নিয়োগ প্রক্রিয়াকে কেন্দ্র করে পল্লী সঞ্চয় ব্যাংকে বিশাল জালিয়াতি ও ঘুষ লেনদেনের তথ্য সামনে এসেছে। অনুসন্ধানে দেখা গেছে, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি-র আটিবাজার শাখার একটি ব্যাংক হিসাব ব্যবহার করে চাকরিপ্রার্থীদের কাছ থেকে মোট ২২ লক্ষ ৫০ হাজার টাকা জমা নেওয়া হয়েছে। এই বিপুল পরিমাণ অর্থ সম্পূর্ণ ঘুষ ও নিয়োগ জালিয়াতির মাধ্যমে অর্জিত বলে বাংলাদেশ ব্যাংকের তদন্তে উঠে এসেছে।তদন্তে ফেঁসে যাচ্ছেন নারী কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংকের নোটিশতদন্ত কমিটির কাছে দেওয়া স্বীকারোক্তিতে জালিয়াতি চক্রের অন্যতম হোতা এনামুল হক জানান, ব্যাংক অ্যাকাউন্ট থেকে উত্তোলিত ঘুষের টাকা তিনি সরাসরি পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা জিন্নাত জাহান তুলি-র হাতে তুলে দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের তদন্ত দল পল্লী সঞ্চয় ব্যাংক কর্তৃপক্ষকে দেওয়া একটি আনুষ্ঠানিক কৈফিয়ত নোটিশের মাধ্যমে এই টাকা হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছে। যদিও অভিযুক্ত কর্মকর্তা জিন্নাত জাহান তুলি নিজেকে নির্দোষ দাবি করেছেন এবং তার কথোপকথনের অডিও রেকর্ডটিকে ‘ক্লোন’ বা কৃত্রিম উপায়ে তৈরি বলে দাবি করেছেন। বর্তমানে প্রতিষ্ঠানটির স্বচ্ছতা ও জবাবদিহিতা চরম প্রশ্নের মুখে পড়েছে।