
রাজধানীতে বিশেষ সাঁড়াশি অভিযান চালিয়ে গত ৪৮ ঘণ্টায় ১৫২ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।রোববার (৩ মে) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।তিনি বলেন, রাজধানীবাসীর নিরাপত্তা ও স্বস্তি নিশ্চিত করতে ১ মে থেকে ডিএমপির সব এলাকায় চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী এবং অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে সমন্বিত বিশেষ অভিযান জোরদার করা হয়েছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে থানা পুলিশ, ডিবি ও সিসিটিভি ইউনিটের যৌথ অভিযানে ৫৮ জন তালিকাভুক্ত চাঁদাবাজ এবং ৯৪ জন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। জব্দ করা আলামত আদালতে উপস্থাপন করা হবে বলে জানিয়েছে পুলিশ।ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার আরও বলেন, চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় ব্লক রেড, চেকপোস্ট, সিসিটিভি নজরদারি ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে, যাতে অপরাধীরা পালানোর সুযোগ না পায়।তিনি জানান, সন্দেহভাজনদের তাৎক্ষণিক যাচাই-বাছাই করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হচ্ছে। এছাড়া বড় অপরাধীদের নিয়মিত মামলার মাধ্যমে আদালতে পাঠানো হচ্ছে।