
ভূমি নিবন্ধন অধিদপ্তরের বিভিন্ন স্তরে ব্যাপক দুর্নীতি, অনিয়ম ও অর্থ বাণিজ্যের অভিযোগ তুলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মাধ্যমে পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।অভিযোগে বলা হয়েছে, ইন্সপেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশন (আইজিআর) কার্যালয় থেকে শুরু করে জেলা রেজিস্ট্রার, সাব-রেজিস্ট্রার ও দলিল লেখক চক্রের একটি অংশ দীর্ঘদিন ধরে ভূমি নিবন্ধন ব্যবস্থাকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। বিশেষ করে ঢাকা মহানগর ও আশপাশের গুরুত্বপূর্ণ সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে পদায়ন ও বদলিকে কেন্দ্র করে কোটি কোটি টাকার বাণিজ্য চলে বলে অভিযোগ রয়েছে।ভুক্তভোগীদের দাবি, গাজীপুরের কাপাসিয়া, গাজীপুর সদর, রাজধানীর বাড্ডা, গুলশানসহ বিভিন্ন সাব-রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন, স্বাক্ষর ও অন্যান্য সেবার নামে অতিরিক্ত অর্থ আদায় করা হয়। কমিশন, দালালি ও অবৈধ লেনদেনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেওয়া হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে।অভিযোগকারীরা আরও দাবি করেন, দীর্ঘদিন ধরে কর্মরত থাকা সাব-রেজিস্ট্রার, দলিল লেখক এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সম্পদের উৎস অনুসন্ধান করা জরুরি। তাদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচার এবং স্বজনদের নামে সম্পদ গড়ে তোলার অভিযোগও তদন্তের আওতায় আনার দাবি জানানো হয়েছে।এছাড়া ভূমি অফিসের নিচের স্তরের কর্মচারী থেকে শুরু করে দলিল লেখক ও দালালচক্রের একটি সিন্ডিকেট সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অর্থ আদায় করছে বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে মামলা বা জটিলতাপূর্ণ সম্পত্তি নিবন্ধনের ক্ষেত্রে দুর্নীতির মাত্রা আরও বেশি বলে দাবি ভুক্তভোগীদের।শুধু ভূমি খাত নয়, সড়ক ও জনপথ, স্বাস্থ্য ও শিক্ষা খাতের শীর্ষ প্রকৌশলীদের সম্পদ ও আর্থিক লেনদেনের বিষয়েও অনুসন্ধানের দাবি জানানো হয়েছে। অভিযোগকারীদের মতে, দীর্ঘদিনের অনিয়ম ও দুর্নীতির কারণে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সেবা খাতগুলোতে জবাবদিহিতা ও সুশাসন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।দুর্নীতির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে দুদকের মাধ্যমে নিরপেক্ষ তদন্ত, অবৈধ সম্পদ শনাক্তকরণ, অর্থপাচারের তথ্য অনুসন্ধান এবং প্রমাণ সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ভুক্তভোগীরা।