
রাজধানীর পল্লবী এলাকায় দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী রামিসা আক্তার (৭) হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।মঙ্গলবার (১৯ মে) রাতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার এস এন নজরুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো. জাকির হোসেন ওরফে সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্নাকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশের দাবি, ঘটনার সময় স্বামীকে পালানোর সুযোগ করে দিতেই ভেতর থেকে ফ্ল্যাটের দরজা খুলছিলেন না স্ত্রী স্বপ্না। জাকির জানালার গ্রিল কেটে পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পরই তিনি দরজা খোলেন।তদন্তে জানা গেছে, নিহত রামিসার পরিবার প্রায় ১৭ বছর ধরে ওই ভবনে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র দুই মাস আগে বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়া ওঠেন।পুলিশ জানায়, মঙ্গলবার সকালে রামিসাকে স্কুলে পাঠানোর জন্য খুঁজতে গিয়ে তার মা অভিযুক্তদের ফ্ল্যাটের সামনে শিশুটির স্যান্ডেল দেখতে পান। পরে দরজায় নক করলেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না।সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার বলেন, রামিসার মা দরজায় নক করার সময়ই ভেতরে হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে ধারণা পাওয়া গেছে।পুলিশ আরও জানিয়েছে, অভিযুক্ত জাকির পেশায় রিকশা মেকানিক এবং তার বিরুদ্ধে নাটোরে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা রয়েছে। ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।