
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বুধবার (১৪ জানুয়ারি) ৬৮০ গ্রাম (প্রায় ৫৮ ভরি) স্বর্ণসহ গিয়াস উদ্দিন (৪৬) নামে এক ওমরা কাফেলার মোয়াল্লেমকে আটক করা হয়েছে। এপিবিএন (এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন) তাকে আগমনী ২ নম্বর ক্যানোপি এলাকায় সন্দেহজনক আচরণ করতে দেখার পর জিজ্ঞাসাবাদের জন্য অফিসে নিয়ে গিয়ে তল্লাশি চালায়।তল্লাশিতে তার গলায় ঝোলানো হাজি ব্যাগ থেকে উদ্ধার করা হয় ২১ ক্যারেট মানের স্বর্ণালংকার। পাশাপাশি জব্দ করা হয় ৭৭,৫৫০ বাংলাদেশি টাকা ও ১৬,১২৫ সৌদি রিয়াল।আটক মোয়াল্লেম জানান, তিনি ওমরাহ হাজিদের মোয়াল্লেম হিসেবে সৌদি আরব গিয়েছিলেন এবং দেশে ফেরার পর এপর্যন্ত এই স্বর্ণ ও নগদ বহন করছিলেন। তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫(বি) ধারায় মামলা রুজু করা হয়েছে।এ বিষয়ে এপিবিএনের অপারেশনাল কমান্ডার ও পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, “স্বর্ণ চোরাচালানকারীরা নিয়মিত রূপ পরিবর্তন করে অপরাধ করার চেষ্টা করে। কখনও হজযাত্রী, কখনও মোয়াল্লেম সেজে তারা পার পাওয়ার চেষ্টা করে। তবে এপিবিএন সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।”