
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় গভীর রাতে র্যাবের একটি ক্যাম্পে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীরা অতর্কিতে ক্যাম্প লক্ষ্য করে গুলি ছোড়ে এবং পরে বুলডোজার ব্যবহার করে ক্যাম্পের দেয়ালসহ বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলে।রোববার (২৪ মে) দিবাগত রাত ২টার দিকে সংঘটিত এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। র্যাব জানিয়েছে, হামলাকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যাতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে না পারেন, সে উদ্দেশ্যে অন্তত তিনটি স্থানে রাস্তা ও কালভার্ট কেটে দেয়।র্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, পূর্বপরিকল্পিতভাবে ক্যাম্পে হামলা চালানো হয়। সন্ত্রাসীরা গুলি ছুড়লে র্যাব সদস্যরাও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান।র্যাবের দাবি, হামলায় জড়িত ছিল ‘ইয়াসিন বাহিনী’ নামে পরিচিত একটি সন্ত্রাসী গ্রুপের সদস্যরা। নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও বাহিনীটি ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করে এবং কয়েকজনকে আটক করে। তবে অভিযানের সময় কয়েকজন পালিয়ে যায় বলেও জানানো হয়েছে।এদিকে র্যাব কর্মকর্তা কামাল হোসেন নিজের ফেসবুক প্রোফাইলে অভিযানের কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। সোমবার ভোরে প্রকাশিত ভিডিওগুলোতে জঙ্গল সলিমপুর এলাকায় রাস্তা কেটে বিচ্ছিন্ন করে রাখার দৃশ্য দেখা যায়।