
যশোরের কেশবপুরে আয়কর কর্মকর্তা পরিচয়ে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান থেকে অর্থ আদায়ের অভিযোগে উৎপল কুমার রায় (৩৩) নামে এক যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, যশোরের বাঘারপাড়া সদরের মৃত রবীন্দ্রনাথ রায়ের ছেলে উৎপল কুমার রায় নিজেকে আয়কর কর্মকর্তা পরিচয় দিয়ে কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ও হাসানপুর বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে অর্থ আদায় করছিলেন।এ সময় তার আচরণে সন্দেহ হলে স্থানীয় ব্যবসায়ীরা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন। পরে তার পরিচয় ভুয়া প্রমাণিত হলে বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করেন এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।