
সামাজিক যোগাযোগমাধ্যমে নারী সেজে বন্ধুত্ব গড়ে তুলে প্রতারণা, ব্ল্যাকমেইল এবং যৌন সহিংসতার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।বুধবার (১৫ এপ্রিল) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপকমিশনার মল্লিক আহসান উদ্দিন সামী। এর আগে সোমবার (১৩ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর দনিয়া কলেজ এলাকার সামনে থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।গ্রেপ্তার ব্যক্তি রাশেদুল ইসলাম রাব্বি (৩০) সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া নারী পরিচয়ে অ্যাকাউন্ট খুলে রাজধানীর মিরপুর এলাকার তরুণীদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলতেন। পরে বিভিন্ন কৌশলে তাদের যাত্রাবাড়ী এলাকার দনিয়া অঞ্চলে নিয়ে যেতেন।পুলিশ জানায়, অভিযুক্তের দুটি নির্দিষ্ট বাসা বা ‘ডেন’ ছিল, যেখানে তিনি ভিকটিমদের আটকে রেখে যৌন নির্যাতন করতেন। দিনের বেলায় একটি বাসা এবং রাতে অন্য বাসা ব্যবহার করতেন তিনি। এসব ঘটনার ভিডিও ধারণ করে পরে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করা হতো।এছাড়া মেট্রো স্টেশনের নিচে দেখা করার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের দনিয়া কলেজ ও বর্ণমালা স্কুল সংলগ্ন এলাকায় নিয়ে যাওয়া হতো বলে জানিয়েছে পুলিশ।পুলিশ বলছে, এ ঘটনায় আরও ভুক্তভোগী থাকতে পারে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।