
রাজধানীর শ্যামলীতে অবস্থিত সিকেডি অ্যান্ড ইউরোলজি হাসপাতালে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদাবাজির অপচেষ্টা এবং ‘মব’ তৈরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় দ্রুত রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।শনিবার (১১ এপ্রিল) হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অধ্যাপক ডা. কামরুল ইসলাম অভিযোগ করেন, ৫ আগস্টের পর থেকে জনৈক মঈন উদ্দিন, যিনি নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দেন, বিভিন্ন ধরনের মালামাল সরবরাহের কাজ পাওয়ার জন্য চাপ সৃষ্টি করেন। এ নিয়ে বিভিন্ন সময়ে তিনি হাসপাতাল কর্তৃপক্ষকে হয়রানি ও ডিস্টার্ব করেন বলে অভিযোগ করা হয়।তিনি আরও বলেন, “আমার অজ্ঞাতসারে তিনি হাসপাতালের জন্য ডিম ও চাল সরবরাহ করতেন। পরে দেখা যায়, বাজারদরের চেয়ে প্রতি কেজিতে অন্তত ১০ টাকা বেশি দামে এসব পণ্য নেওয়া হচ্ছে। যেহেতু এটি কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়, তাই আমরা বাজার থেকে সরাসরি পণ্য কেনার সিদ্ধান্ত নেই।”এ ঘটনায় রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাপ সৃষ্টি ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ এ বিষয়ে সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।