
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সম্ভাব্য পদত্যাগের গুঞ্জনের মধ্যেই তার উত্তরসূরি কে হতে পারেন, তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন রাজনৈতিক সমীকরণ ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে একাধিক সূত্রে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।সরকার ও ক্ষমতাসীন দল বিএনপির একাধিক সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর বিষয়ে উচ্চপর্যায় থেকে বার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে তার সম্ভাব্য উত্তরসূরি নির্ধারণে দলটির শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে বলেও জানা গেছে।সূত্রগুলো বলছে, পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেন, আবদুল মঈন খান এবং নজরুল ইসলাম খান-এর নাম সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে। এছাড়া সরকার ও প্রশাসনে দায়িত্ব পালনকারী একজন জ্যেষ্ঠ সচিবের নামও নতুন করে আলোচনায় এসেছে।এদিকে, রাষ্ট্রপতি পদে পরিবর্তন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনা চললেও বিষয়টি নিয়ে এখনো সরকার বা বঙ্গভবনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।