
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিলেটে তাজউদ্দিন নামে এক যুবক নিহত হওয়ার ঘটনায় করা হত্যা মামলার তদন্তে অসহযোগিতা এবং আদালতের আদেশ অমান্যের অভিযোগে সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম–এর বিরুদ্ধে মামলা দায়েরের অনুমতি চেয়েছে আদালত।মন্ত্রণালয় ও আদালতের নথি সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সিলেটের গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ আঞ্চলিক মহাসড়কে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তাজউদ্দিন। এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. রুলী বেগম একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার দেওয়া হয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)–কে।তদন্তের স্বার্থে মামলার তদন্ত কর্মকর্তা ঘটনার দিন ওই এলাকায় দায়িত্ব পালনকারী নির্বাহী ম্যাজিস্ট্রেটের নাম এবং কার নির্দেশে গুলি চালানো হয়েছিল—এ সংক্রান্ত তথ্য চেয়ে সিলেট জেলা প্রশাসনের কাছে আবেদন করেন। একই সঙ্গে ওই দিনের দায়িত্বরত সদস্যদের তালিকা চেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)–এর কাছেও চিঠি দেওয়া হয়।পরবর্তীতে আদালতের নির্দেশনার পর বিজিবি তাদের প্রয়োজনীয় তথ্য ও দায়িত্বরত সদস্যদের তালিকা সরবরাহ করলেও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম এ বিষয়ে কোনো তথ্য দেননি বলে অভিযোগ রয়েছে। বারবার সময় দেওয়ার পরও জেলা প্রশাসনের পক্ষ থেকে কাঙ্ক্ষিত তথ্য না পাওয়ায় মামলার তদন্ত কার্যক্রম স্থবির হয়ে পড়ে।