
কার্যক্রম নিষিদ্ধ হওয়া বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম-খুন ও বৈষম্যবিরোধী আন্দোলনে দেড় সহস্রাধিক হত্যাকাণ্ডের ঘটনায় সারা দেশে একাধিক মামলা হলেও বিচার কার্যক্রম দৃশ্যমান কেবল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এ। তবে দেড় বছর পার হলেও ১৩ জন ‘হেভিওয়েট’ আসামির বিচার আনুষ্ঠানিকভাবে শুরু হয়নি।ট্রাইব্যুনাল সংশ্লিষ্ট সূত্র জানায়, আওয়ামী লীগ আমলের গুম-খুন ও জুলাই–আগস্টের ঘটনায় বর্তমানে ২১টি মামলার বিচার প্রক্রিয়া চলমান রয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন অনুযায়ী, অভিযোগ গঠনের পর রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয়। কিন্তু আলোচিত ১৩ আসামির ক্ষেত্রে এখনো সেই ধাপে পৌঁছানো যায়নি।যাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হলেও বিচার শুরু হয়নি, তারা হলেন— সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, শাজাহান খান, কামরুল ইসলাম, লে. কর্নেল (অব.) ফারুক খান, আব্দুর রাজ্জাক, রাশেদ খান মেনন, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, ডা. দীপু মনি; সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী; সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী; সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম এবং সাবেক এমপি সোলায়মান সেলিম।আইনজীবী মহলের মতে, অভিযোগ গঠনের পর দীর্ঘ সময় বিচার শুরু না হওয়া বিচার প্রক্রিয়ার গতি নিয়ে প্রশ্ন তৈরি করছে। ভুক্তভোগী পরিবারগুলো দ্রুত বিচার কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন।সংশ্লিষ্টরা বলছেন, মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি না হলে বিচারপ্রার্থীদের আস্থায় প্রভাব পড়তে পারে।