
আগামী ১০ জুলাই ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী—এমন ঘোষণার পর হাসপাতালের প্রকৃত পরিস্থিতি উঠে আসবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই।সংশ্লিষ্টদের মতে, ভিআইপি সফরের আগাম খবর প্রকাশ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট কর্মীরা আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পাচ্ছেন। ফলে পরিদর্শনের সময় হাসপাতালের স্বাভাবিক চিত্রের পরিবর্তে সাজানো-গোছানো পরিবেশই দেখা যেতে পারে।রোগী ও স্বজনদের অভিযোগ, বছরের অধিকাংশ সময় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে অপর্যাপ্ত পরিচ্ছন্নতা, অতিরিক্ত ভিড়, সেবার মান নিয়ে অসন্তোষ এবং নানা ধরনের অব্যবস্থাপনার অভিযোগ থাকে। তবে উচ্চপর্যায়ের কোনো সফরকে কেন্দ্র করে হঠাৎ করেই পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়।তাদের দাবি, আগাম ঘোষণা দিয়ে নয়, বরং আকস্মিক পরিদর্শনের মাধ্যমে হাসপাতালের প্রকৃত অবস্থা যাচাই করা সম্ভব। এতে রোগীরা প্রতিদিন কী ধরনের সেবা পাচ্ছেন এবং বাস্তব চিত্র কী—তা স্পষ্টভাবে উঠে আসবে।এদিকে প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে হাসপাতালজুড়ে পরিচ্ছন্নতা ও প্রস্তুতি কার্যক্রম জোরদার করা হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তবে সমালোচকদের প্রশ্ন, এই পরিবর্তন কি স্থায়ী, নাকি শুধু সফর উপলক্ষেই সীমাবদ্ধ থাকবে?