
স্ত্রী আফরা ইভনাত ইকরার আত্মহত্যার প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় ছোট পর্দার অভিনেতা জাহের আলভী (মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া)-কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। জামিন আবেদন নামঞ্জুর করে বৃহস্পতিবার (১৮ জুন) এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দিন।আদালত সূত্রে জানা যায়, এদিন দুপুরে আদালতে আত্মসমর্পণ করে আইনজীবীদের মাধ্যমে জামিন আবেদন করেন জাহের আলভী। শুনানি শেষে আদালত তার আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।দুপুর দেড়টার দিকে আদালতে উপস্থিত হন এই অভিনেতা। পরে দুপুর ১টা ৫৬ মিনিটে শুনানি শুরু হলে তিনি কাঠগড়ায় দাঁড়ান। তার পক্ষে ঢাকা বারের সভাপতি অ্যাডভোকেট আনোয়ার জাহিদ ভূঁইয়াসহ একাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন। অন্যদিকে বাদীপক্ষের আইনজীবীরা জামিন আবেদন নামঞ্জুরের পক্ষে যুক্তি তুলে ধরেন।জামিন আবেদনে জাহের আলভীর পক্ষ থেকে দাবি করা হয়, তিনি অভিযোগের ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন। প্রেমের বিয়ে নিয়ে ব্যক্তিগত বিরোধ ও প্রতিহিংসার কারণেই তার বিরুদ্ধে হয়রানিমূলকভাবে মামলাটি করা হয়েছে। এছাড়া মামলার এজাহারে তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই বলেও উল্লেখ করা হয়।আবেদনে আরও বলা হয়, মামলাটি দায়েরের সময় তিনি ঈদ উপলক্ষে নাটক নির্মাণের কাজে গত ২৫ ফেব্রুয়ারি নেপালে অবস্থান করছিলেন।তবে শুনানি শেষে আদালত তার জামিন আবেদন গ্রহণ না করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।