
জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও এ ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রাকালে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন জনপ্রিয় ইসলামী আলোচক মাওলানা মিজানুর রহমান আজহারী।গতকাল সংঘর্ষের সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ারগ্যাস নিক্ষেপ করে। এতে ইনকিলাব মঞ্চের নেতা জাবের ও রাকসুর জিএসসহ অন্তত ৩১ জন আহত হন।ঘটনার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাওলানা আজহারী বলেন, ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে—ব্যাপক উৎসাহ নিয়ে ছাত্রছাত্রীদের বেধড়ক পেটাচ্ছে পুলিশ। তিনি প্রশ্ন তোলেন, “চাইলেই অ্যাটাকের ভান করে ছত্রভঙ্গ করে দেওয়া যেত। যেমনটি কয়েক মাস আগে একজন পুলিশ কর্মকর্তা করে প্রশংসা কুড়িয়েছিলেন। তাহলে হঠাৎ পুলিশের এমন আগ্রাসী মনোভাবের কারণ কী?”তিনি আরও বলেন, বিচার চাইতে এসে শিক্ষার্থীদের এভাবে নির্মমতার শিকার হওয়া অত্যন্ত লজ্জাজনক ও দুঃখজনক। যে কোনো পোশাকি বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনের সময় আরও সংযত, পেশাদার ও মানবিক আচরণ করা উচিত বলে তিনি মন্তব্য করেন।ইনকিলাব মঞ্চের প্রতিবাদ সমাবেশে পুলিশের মারমুখী আচরণ ও অতিরিক্ত বলপ্রয়োগেরও নিন্দা জানান মাওলানা আজহারী।