
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা–চট্টগ্রাম মহাসড়ককে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনার পরিকল্পনা গ্রহণ করেছে হাইওয়ে পুলিশ। বুধবার (২০ মে) কুমিল্লার ঢুলিপাড়া এলাকায় আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত জানানো হয়। সভাটি আয়োজন করে হাইওয়ে পুলিশ, কুমিল্লা রিজিয়ন, যেখানে গণপরিবহন মালিক, শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দসহ সংশ্লিষ্ট অংশীজনরা উপস্থিত ছিলেন।সভায় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখতে যানজটপ্রবণ ২৫টি স্থান চিহ্নিত করা হয়। এর মধ্যে ১২টি গুরুত্বপূর্ণ স্পট হিসেবে নির্ধারণ করা হয়েছে—দাউদকান্দির বলদাখাল বাসস্ট্যান্ড, গৌরীপুর বাসস্ট্যান্ড, চান্দিনার মাধাইয়া বাজার, চান্দিনা বাসস্ট্যান্ড, নিমসার বাজার ও ইউটার্ন, ক্যান্টনমেন্ট মোড় (উভয়মুখী), আলেখারচর বিশ্বরোড, পদুয়ার বাজার বিশ্বরোড, মিয়াবাজার উভয়লেন, চৌদ্দগ্রাম বিসিক মোড়, চৌদ্দগ্রাম বাজার (ঢাকামুখী), ফেনীর লালপোল, চট্টগ্রামের ভাটিয়ারী পয়েন্ট, ফৌজদারহাট ইউটার্ন এবং সীতাকুণ্ড বাসস্ট্যান্ড/বড় দারোগারহাট এলাকা।এছাড়া আরও ১৩টি কম গুরুত্বপূর্ণ স্পট চিহ্নিত করা হয়েছে, যেখানে অতিরিক্ত নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থা রাখা হবে।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সদর দপ্তরের ডিআইজি (প্রশাসন) হাবিবুর রহমান খান। তিনি বলেন, ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক দেশের লাইফলাইন। আসন্ন ঈদে প্রায় ৩ কোটি মানুষ এই মহাসড়ক ব্যবহার করতে পারেন, তাই যেকোনো মূল্যে শৃঙ্খলা বজায় রাখতে হবে।