
রাজধানীর নিউ মার্কেট এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর শাহ নেওয়াজ হোস্টেলের সামনে গুলিতে নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। নিহত ব্যক্তি ঢাকার আন্ডারওয়ার্ল্ডের পরিচিত সন্ত্রাসী টিটন, যার প্রকৃত নাম খন্দকার নাঈম আহমেদ।মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।সূত্র জানায়, টিটন দীর্ঘ দুই দশকের বেশি সময় কারাগারে ছিলেন। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর তিনি জামিন পান, তবে আইনি জটিলতায় তখন মুক্তি পাননি। পরবর্তীতে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি কারামুক্ত হন।জামিনে মুক্তির পর নিয়মিত আদালতে হাজিরা না দেওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল এবং তিনি পলাতক ছিলেন।আন্ডারওয়ার্ল্ড সংশ্লিষ্ট একাধিক সূত্রের দাবি, আপন বোনজামাইয়ের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।টিটন ঢাকার রায়েরবাজার ও হাজারীবাগ এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত ছিলেন। তিনি আরেক সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক—ইমন টিটনের ছোট বোনকে বিয়ে করেছেন। অপরাধ জগতে টিটনের উত্থানে ইমনের প্রভাব ছিল বলেও জানা গেছে।ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের শনাক্তে কাজ করছে।