
বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে আরও একটি গৌরবময় অর্জন যুক্ত হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলমকে সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ফোর্স কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।বুধবার (৮ এপ্রিল) নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দফতর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। আন্তোনিও গুতেরেস এই নিয়োগ প্রদান করেন। তিনি মঙ্গোলিয়ার মেজর জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হচ্ছেন।নবনিযুক্ত ফোর্স কমান্ডার মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে তিন দশকেরও বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডে জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) হিসেবে কর্মরত ছিলেন।এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি, কক্সবাজার এরিয়া কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।আন্তর্জাতিক মিশনেও রয়েছে তার সমৃদ্ধ অভিজ্ঞতা। তিনি ২০২০-২১ সালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৯৯-২০০০ সালে পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক হিসেবেও কাজ করেছেন।শিক্ষাগত যোগ্যতার দিক থেকেও তিনি সমৃদ্ধ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে মাস্টার্স, ন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং রয়্যাল ইউনিভার্সিটি অব ঢাকা থেকে এমবিএ ডিগ্রি সম্পন্ন করেছেন।বাংলাদেশের শান্তিরক্ষা কার্যক্রমে এই নিয়োগ নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।