
কোনো ভোটকেন্দ্র মব করে দখল করে সিল মারার চেষ্টা হলে ওই কেন্দ্রের ভোটগ্রহণ বন্ধ করে দেওয়া হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।মঙ্গলবার সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।আইজিপি বলেন, ‘নির্বাচনে জঙ্গি হামলার আশঙ্কা পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তবে কেরাণীগঞ্জের ঘটনার পর সারা দেশে জঙ্গিদের নেটওয়ার্ক ভেঙে দেওয়া হয়েছে।’ তিনি জানান, নির্বাচনী প্রচারণাকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা ছিল, কিন্তু তা সফল হয়নি।বাহারুল আলম আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ভোটকেন্দ্রে কোনো ধরনের বিশৃঙ্খলা, জোরপূর্বক ভোট প্রদান বা সহিংসতা বরদাশত করা হবে না। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।তিনি ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগে পুলিশ বাহিনী নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে বলেও আশ্বাস দেন।