
হবিগঞ্জে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–সহ ৫৬ জনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে। এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)।বাসসের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার বানিয়াচং উপজেলার আমীরখানি গ্রামের ইয়াকুব আলীর ছেলে মাহমুদুল হাসান হবিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক আব্দুল মন্নান মামলাটি আমলে নিয়ে আগামী ৯ মার্চ আদেশের দিন ধার্য করেছেন।মামলার বাদী মাহমুদুল হাসান নিজেকে ছাত্রদল কর্মী বলে দাবি করেছেন। মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২৪ সালের ২৪ জুলাই শহরের আশরাফ জাহান কমপ্লেক্সের সামনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল–এর নির্দেশে আসামিরা নির্বিচারে গুলি চালায়। এতে বাদীসহ আরও কয়েকজন গুলিবিদ্ধ হয়ে আহত হন বলে অভিযোগ করা হয়েছে।মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন হবিগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মজিদ খান, হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাহবুব আলী, ব্যারিস্টার সায়েদুল হক সুমন, বানিয়াচং উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কাসেম চৌধুরী এবং হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আতাউর রহমান সেলিমসহ মোট ৫৬ জন।