
সিলেটের জৈন্তাপুরে বালুবোঝাই ট্রাকের ধাক্কায় পুলিশের এক উপসহকারী পরিদর্শক (এএসআই) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক এএসআই আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত ইউনিয়নের টেংরা বারাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আতিকুর রহমান কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার গড়বিশুদিয়া গ্রামের বাসিন্দা মো. সামছুল হকের ছেলে। তিনি সিলেটের জৈন্তাপুর মডেল থানায় এএসআই পদে কর্মরত ছিলেন।পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বেলা ২টার দিকে জৈন্তাপুর মডেল থানার এএসআই সোহেল রানা-২ ও আতিকুর রহমান দায়িত্ব পালনের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে উপজেলার ৪ নম্বর দরবস্ত ইউনিয়নের দিকে রওনা হন। পথে একটি বালুবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দিলে গুরুতর আহত হন দুজনই।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আতিকুর রহমানকে মৃত ঘোষণা করেন। আহত এএসআই সোহেল রানাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।