
ঝিনাইদহের মহেশপুরে চাঁদা না দেওয়ায় এক ব্যক্তি, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় এক বিএনপি নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়নের শ্রীপুর গ্রামে এ ঘটনা ঘটে।আহত শামছুজ্জামান ভুট্রো জানান, নির্বাচনের পরদিন শুক্রবার বিকেলে একই গ্রামের হান্নান তার কাছে প্রথমে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে তা কমিয়ে ৫০ হাজার টাকা দাবি করা হয়। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে বৃহস্পতিবার সন্ধ্যায় আব্দুল্লা, আব্দুল জব্বার ও হান্নান ওরফে বাবলু মিলে তার বাড়িতে গিয়ে হামলা চালান।অভিযোগ অনুযায়ী, হামলাকারীরা শামছুজ্জামান ভুট্রো, তার স্ত্রী ও কলেজপড়ুয়া মেয়েকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবার ঘটনার সুষ্ঠু বিচার ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।