
ঈদুল ফিতরের দ্বিতীয় দিনের ঘোরাঘুরি শেষে রাজধানীতে ঘরে ফেরা মানুষের ঢল নামায় সড়কজুড়ে তীব্র যানজট ও গণপরিবহন সংকট দেখা দিয়েছে। সন্ধ্যার পর একযোগে বিপুল সংখ্যক মানুষ বাসায় ফিরতে শুরু করলে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সৃষ্টি হয় চরম ভোগান্তি।বিশেষ করে বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার ও শাহবাগ এলাকায় ছিল উপচে পড়া ভিড়। দীর্ঘক্ষণ যানজটে আটকে থাকতে হয়েছে যাত্রীদের। অনেকেই বাসে উঠতে না পেরে বাধ্য হয়ে সিএনজি বা অটোরিকশার মতো ছোট পরিবহন ব্যবহার করছেন, যেখানে গুনতে হচ্ছে দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত ভাড়া।বাস স্ট্যান্ডগুলোতেও ছিল বিশৃঙ্খল পরিস্থিতি। অতিরিক্ত যাত্রীর চাপে ঠেলাঠেলি করেও অনেকেই বাসে উঠতে পারেননি। অনেক পরিবহন আগেই বাড়তি ভাড়া নির্ধারণ করে যাত্রী তুলছে বলে অভিযোগ উঠেছে।অন্যদিকে, মেট্রোরেলেও স্বস্তি মেলেনি। বিজয় সরণিসহ বিভিন্ন স্টেশনে টিকিট কাটতে দীর্ঘ লাইনে দাঁড়াতে হয়েছে যাত্রীদের। অনেককে এক ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করতে দেখা গেছে। অতিরিক্ত ভিড়ের কারণে টিকিট পাওয়ার পরও একাধিক ট্রেন মিস করতে হয়েছে অনেককে। ক্লান্ত হয়ে স্টেশনের মেঝেতে বসে বিশ্রাম নিতেও দেখা গেছে যাত্রীদের।তবে পল্টন, মতিঝিল ও গুলিস্তান এলাকায় তুলনামূলক সড়ক ফাঁকা ছিল। মতিঝিল থেকে উত্তরার দিকে যাওয়া মেট্রোরেলে যাত্রীচাপ কম থাকলেও উত্তরার স্টেশনগুলোতে ছিল বেশি ভিড়।সব মিলিয়ে ঈদের আনন্দ শেষে রাজধানীতে ঘরে ফেরার এই চিত্র আবারও নগরবাসীর পুরনো ভোগান্তির কথাই মনে করিয়ে দিয়েছে।