
ভোক্তা অধিকার সংক্রান্ত অভিযানে ম্যাজিস্ট্রেটের সঙ্গে এক ব্যবসায়ীর বাগবিতণ্ডার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন শেখ মো. সাজ্জাত আলী।শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর চকবাজারের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সঙ্গে সাক্ষাৎ শেষে এ মন্তব্য করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার।তিনি বলেন, “এমন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়। এ ব্যাপারে সব ব্যবসায়ীর সহযোগিতা প্রয়োজন।” একই সঙ্গে ভেজালবিরোধী অবস্থান পুনর্ব্যক্ত করে তিনি বলেন, “যারা খাবারে ভেজাল দেয় তারা দেশ ও জাতির শত্রু।”আসন্ন রমজানকে সামনে রেখে বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার আহ্বান জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, দ্রব্যমূল্য যেন সহনীয় থাকে সে বিষয়ে ব্যবসায়ীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষা ও ভোক্তা অধিকার সংরক্ষণে প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।