
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ উপলক্ষে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধানদের সঙ্গে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ে মতবিনিময় সভায় যোগ দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) গাজীপুর ধান গবেষণা ইনস্টিটিউটে স্থাপিত গাজীপুর সেনা ক্যাম্পে অনুষ্ঠিত এ সভায় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন উপস্থিত ছিলেন।সভায় আসন্ন নির্বাচনকে শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। তিন বাহিনী প্রধান পেশাদারিত্ব ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।এ সময় ডিআইজি রেজাউল করিম মল্লিক ঢাকা রেঞ্জ পুলিশের সার্বিক প্রস্তুতির কথা তুলে ধরে নির্বাচনী নিরাপত্তায় সশস্ত্র বাহিনীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।