
জুলাই-আগস্ট আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়জনের মরদেহ পুড়িয়ে দেওয়া ও সাতজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আগামী ৫ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। এ মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জন আসামি।রোববার (১ ফেব্রুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের দিন ধার্য করেন। এর আগে গত ২০ জানুয়ারি রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।মামলায় ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আব্দুল্লাহিল কাফী, ঢাকা জেলা পুলিশের সাবেক অতিরিক্ত সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, পরিদর্শক আরাফাত হোসেন, এসআই মালেক, এসআই আরাফাত উদ্দিন, এএসআই কামরুল হাসান, আবজাল ও কনস্টেবল মুকুল বর্তমানে কারাগারে রয়েছেন।অন্যদিকে, সাবেক এমপি সাইফুল ইসলামসহ ৮ জন আসামি এখনো পলাতক।গত বছরের ২১ আগস্ট ট্রাইব্যুনাল-২ এ মামলার ১৬ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।অভিযোগে বলা হয়, ৫ আগস্ট ছয়জনকে হত্যার পর তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়। অভিযোগ অনুযায়ী, মরদেহ পোড়ানোর সময় তাদের একজন জীবিত ছিলেন। এছাড়া, ৪ আগস্ট আশুলিয়া থানার সামনে একজনকে গুলি করে হত্যার অভিযোগও আনা হয়েছে আসামিদের বিরুদ্ধে।