
পুলিশের বৈধ কার্যক্রমে কেউ অবৈধভাবে বাধা বা হস্তক্ষেপ করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।সোমবার (২৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দফতর-সংস্থার প্রধানদের সঙ্গে মতবিনিময় শেষে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক বা সামাজিক—যে কোনো পরিচয়ে কেউ পুলিশের বৈধ কাজে বাধা দিতে পারবে না। তবে একইসঙ্গে পুলিশের জবাবদিহিতাও নিশ্চিত করা হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন। পুলিশের কার্যক্রম নজরদারির আওতায় থাকবে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, “ফ্যাসিবাদী সময়ে শুধু পুলিশ নয়, এমন কোনো প্রতিষ্ঠান নেই যা ক্ষতিগ্রস্ত হয়নি। সেই ধ্বংসস্তূপ থেকে দেশকে ঘুরে দাঁড়াতে হচ্ছে। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জনগণের যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে কাজ করতে হবে। সেই মোটিভেশনাল ওয়ার্কটা আমরা করছি।”মন্ত্রী জানান, তিনি বিভিন্ন বিভাগে গিয়ে কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন, তাদের সাহস জোগাবেন এবং সামনে এগিয়ে যাওয়ার দিকনির্দেশনা দেবেন। “পেছনের দিকে না তাকিয়ে সামনের লক্ষ্য নিয়েই এগিয়ে যেতে হবে,” যোগ করেন তিনি।