
আমতলী উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের নির্মাণকাজ আট বছরেও শেষ হয়নি। অভিযোগ উঠেছে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারেরও। মঙ্গলবার (২০ জানুয়ারি) সরেজমিনে গিয়ে দেখা যায়, নিম্নমানের ইট দিয়ে মসজিদের সলিংয়ের কাজ চলছে। ঢালাইয়ের জন্যও মজুত রাখা হয়েছে নিম্নমানের বালু ও পাথর।বরগুনা গণপূর্ত বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম মিরাজ বলেন, ‘সলিংয়ের কাজে কিছু নিম্নমানের ইট আনা হয়েছিল। সেগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট সরবরাহকারীকে নির্দেশ দেওয়া হয়েছে।’স্থানীয়রা অভিযোগ করেছে কাজ শুরুর পর থেকেই নিম্নমানের ইট, রড, সিমেন্ট ও পাথর ব্যবহার করা হচ্ছে। উপজেলা প্রশাসনের তদারকির মধ্যেও গোপনে অনিয়ম রয়েছে। কয়েকজন নির্মাণ শ্রমিক জানান, কাজ পেতে ঠিকাদারকে গণপূর্ত বিভাগের লোকজনকে ১০ থেকে ১২ শতাংশ ঘুষ দিতে হয়। এতে ব্যয় সামলাতে ঠিকাদার নিম্নমানের কাজ করছেন।গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফয়সাল আলম বলেন, ‘এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’