
হবিগঞ্জের মাধবপুরে মাদকবিরোধী অভিযানের সময় স্থানীয় লোকজনের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় পুলিশের হেফাজত থেকে এক মাদক কারবারি হ্যান্ডকাফসহ পালিয়ে গেছে। এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শক (এসআই) ও পাঁচ কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৫ জুন বিকেলে মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের দেবনগর এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।এসআই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে অংশ নেন কনস্টেবল সাজ্জাদ হোসেন, ইয়াকুব মিয়া, মো. আলমগীর কবির এবং সদর মডেল থানার কনস্টেবল শরীফুল ইসলাম খান ও মো. সোহাগ মিয়া।অভিযান চলাকালে এক মাদক কারবারিকে আটক করা হলে স্থানীয় কিছু লোকজনের সঙ্গে ডিবি সদস্যদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ সময় সৃষ্ট বিশৃঙ্খলার সুযোগে আটক ব্যক্তি পুলিশের হেফাজত থেকে হ্যান্ডকাফসহ পালিয়ে যায়।ঘটনার পর বিষয়টি তদন্ত করে সংশ্লিষ্ট এসআই ও পাঁচ কনস্টেবলকে প্রত্যাহার করে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।