
পুলিশ প্রশাসনে নতুন করে রদবদল আনা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার (এএসপি) পদমর্যাদার ১২ জন কর্মকর্তাকে বদলি ও নতুন পদায়ন করা হয়েছে।বুধবার (১৭ জুন) পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়।প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ বদলি ও পদায়ন আদেশ আগামী ১ জুলাইয়ের মধ্যে কার্যকর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে সংশ্লিষ্ট কর্মকর্তারা আগামী ২ জুলাই থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হিসেবে গণ্য হবেন।বদলি ও পদায়ন হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. তানভীর হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকার, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা আফরোজ জেমি, চুয়াডাঙ্গা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান এবং ঝিনাইদহের কোটচাঁদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সায়েম ইউসুফ।এছাড়া ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পহন চাকমা, বরিশাল মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার মো. মশিয়ার রহমান, সাতক্ষীরার তালা সার্কেলের এএসপি শেখ মোহাম্মদ নূরুল্লাহ, পুলিশ হেডকোয়ার্টার্সের এএসপি ফারহান-উল-ইমাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের এএসপি এস.এম. মাহবুবুল আলম, র্যাবের এএসপি মো. জিয়া লতিফুল ইসলাম এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের এএসপি শেখ মো. আব্দুর রাজ্জাককেও নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে।পুলিশ সদর দপ্তর জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে এ বদলি ও পদায়ন করা হয়েছে।