
রাজধানীর উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের উদ্বোধন করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার, বিপিএম-সেবা।সোমবার (১১ মে) দুপুরে উত্তরা এয়ারপোর্ট গোলচত্বরে প্রধান অতিথি হিসেবে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করেন।উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এআই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে ইতোমধ্যে তিন শতাধিক মামলা করা হয়েছে। নতুন ব্যবস্থা পুরোপুরি চালু হলে প্রতিদিন এক হাজারের বেশি মামলা করা সম্ভব হবে। উল্টো পথে চলা বা নিয়ম ভঙ্গ করলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল মামলা হবে, যা মূলত শাস্তিমূলক নয় বরং ট্রাফিক শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ।তিনি আরও জানান, ঢাকা শহরের আধুনিকায়ন ও ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে ইতিবাচক প্রচারের আহ্বান জানান তিনি।অনুষ্ঠানে ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।