
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের চলন্ত বুলেটপ্রুফ গাড়িতে সাদা একটি খাম সেঁটে দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনার পাঁচ দিন পার হলেও রহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত মোটরসাইকেল চালককেও এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম সোমবার (১৯ জানুয়ারি) গণমাধ্যমকে জানান, এ ঘটনায় বিএনপির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে মৌখিকভাবে বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।ওসি বলেন, “আমরা নিজ উদ্যোগে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছি। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হচ্ছে। কিন্তু ফুটেজের মান ভালো না হওয়ায় মোটরসাইকেল কিংবা চালককে শনাক্ত করা যাচ্ছে না। তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।”খামের ভেতরে কী ছিল—এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “খামটি আমাদের কাছে হস্তান্তর করা হয়নি। তবে বিএনপি ও তারেক রহমানের নিরাপত্তায় নিয়োজিতদের পক্ষ থেকে জানানো হয়েছে, খামের ভেতরে কোনো চিঠি বা চিরকুট ছিল না। এটি ফাঁকা ছিল। খালি খামটি টেপ দিয়ে গাড়ির গায়ে লাগানো হয়। কী উদ্দেশ্যে এমন কাজ করা হয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে।”সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত বুধবার (১৪ জানুয়ারি) রাত ১১টা ৪১ মিনিটে রাজধানীর গুলশানের ৬৫ নম্বর সড়কে সাদা রঙের হিরো হাংক মডেলের একটি মোটরসাইকেলে আসা এক ব্যক্তি হঠাৎ করে তারেক রহমানের চলন্ত গাড়ির গায়ে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দেন। এরপর তিনি দ্রুত আমেরিকান ক্লাবের দিকে চলে যান।ঘটনার সময় তারেক রহমান ওই গাড়িতেই অবস্থান করছিলেন। তবে তখন গাড়িবহরের নিরাপত্তায় নিয়োজিত চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স (সিএসএফ) সদস্যদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা যায়নি।পুলিশ জানিয়েছে, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং প্রয়োজনীয় সব দিক খতিয়ে দেখা হবে।