
পিরোজপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর সাময়িক বরখাস্ত নির্বাহী প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদারের বিরুদ্ধে অবৈধ সম্পদের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। নিজ নামে উল্লেখযোগ্য কোনো সম্পদ না থাকলেও তার স্ত্রীর নামে একাধিক ফ্ল্যাট ও বাড়ি থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।দুদকের অনুসন্ধানে আরও জানা গেছে, তার কলেজপড়ুয়া দুই ছেলে কোনো দৃশ্যমান আয়ের উৎস না থাকলেও কোটিপতি হয়ে উঠেছেন। তাদের নামে ব্যাংক হিসাবেও কোটি টাকার আমানত রয়েছে বলে অভিযোগ উঠেছে।দুদক সূত্রে জানা যায়, আব্দুস সাত্তার হাওলাদার ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চালানো হয়। সেই অনুসন্ধানেই বিপুল পরিমাণ অপ্রদর্শিত সম্পদের তথ্য পাওয়া গেছে।বুধবার (১১ মার্চ) বিকেলে পিরোজপুরে দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে এ ঘটনায় দুটি মামলা দায়ের করেছেন সংস্থাটির উপসহকারী পরিচালক পার্থ চন্দ্র পাল।মামলায় আসামি করা হয়েছে প্রকৌশলী মো. আব্দুস সাত্তার হাওলাদার, তার স্ত্রী রীনা পারভীন এবং দুই ছেলে মঞ্জুরুল ইসলাম রিফাত ও ফজলে রাব্বি রিমনকে।দুদক জানিয়েছে, মামলার পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।