
দৈনিক বাংলাদেশ প্রতিদিন–এর সাবেক সম্পাদক নঈম নিজাম, তার স্ত্রী সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন ও তাদের সন্তানের নামে থাকা বিভিন্ন ব্যাংকের ২২টি হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছেন আদালত।রোববার (৮ মার্চ) ঢাকার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালত–এর বিচারক মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, দুর্নীতি দমন কমিশন (দুদক)–এর আবেদনের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। দুদকের সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আবেদন করেন।আবেদনে বলা হয়, নঈম নিজাম ও ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধানকালে তাদের নামে বিভিন্ন ব্যাংকে মোট ২২টি হিসাবের সন্ধান পাওয়া যায়, যেখানে প্রায় ৪ কোটি ২১ লাখ ৮৮ হাজার টাকা রয়েছে।দুদক জানায়, সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে এসব হিসাব অবিলম্বে অবরুদ্ধ করা প্রয়োজন। অন্যথায় তদন্ত চলাকালে অর্থ স্থানান্তরের মাধ্যমে তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা কঠিন হয়ে পড়তে পারে।