
যুক্তরাষ্ট্র–ইসরাইল ও ইরানের চলমান সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের চার দেশে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাসগুলো। দেশগুলো হলো: ইরাক, কুয়েত, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত।শনিবার (২৮ ফেব্রুয়ারি) পৃথক বার্তায় দূতাবাসগুলো এ সতর্কতা জারি করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপদে থাকার আহ্বান জানায়।বাহরাইন দূতাবাসের জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কারণে সেখানে অবস্থানরত সকল বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে। নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং অতি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি নগদ টাকা, সি.পি.আর, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার ও মোবাইল চার্জার সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। বাহরাইন সরকারের নির্দেশনা মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিস্থিতি সংক্রান্ত ভিডিও বা ছবি আপলোড না করার আহ্বানও জানানো হয়েছে।জরুরি হেল্পলাইন: +৯৭৩ ৩৩৩৭৫১৫৫ইমেইল: mission.manama@mofa.gov.bdঅন্যদিকে কুয়েত দূতাবাস জানিয়েছে, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। সামরিক স্থাপনার আশপাশে না থাকা, নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করা এবং সবসময় প্রয়োজনীয় কাগজপত্র ও সামগ্রী সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নগদ টাকা, কুয়েত সিভিল আইডি, হেলথ ইন্সুরেন্স কার্ড, প্রয়োজনীয় ওষুধ, মোবাইল ফোন ও চার্জার, শুকনো খাবার ও পানি। কুয়েতের আইন মেনে চলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো ধরনের ভিডিও বা ছবি আপলোড থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।জরুরি হটলাইন: +965 69920013, +965 66516404, +965 50895161ইমেইল: mission.kuwait@mofa.gov.bdএছাড়া ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশিদেরও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা এবং সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট দূতাবাসগুলো। বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।