
দেশের পুলিশ প্রশাসনে গুরুত্বপূর্ণ রদবদল করেছে সরকার। পঞ্চগড়, মৌলভীবাজার, নোয়াখালী, ঝিনাইদহ ও ফেনী জেলার পুলিশ সুপার (এসপি) পদে নতুন কর্মকর্তাদের পদায়নসহ মোট ১২ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড় জেলার পুলিশ সুপার, ডিসি মনিরুল ইসলামকে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার, ডিসি এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালী জেলার পুলিশ সুপার এবং ডিসি মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এছাড়া সিআইডির পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনী জেলার নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।একই প্রজ্ঞাপনে পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান, মৌলভীবাজারের পুলিশ সুপার রিয়াজুল ইসলাম এবং এসপি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।এ ছাড়া নোয়াখালীর পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে, ঝিনাইদহের পুলিশ সুপার মাহফুজ আফজালকে আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) এবং পিবিআইয়ের পুলিশ সুপার রাজীব ফরহান ও ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকে রংপুর রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।পুলিশ প্রশাসনের কার্যক্রম আরও গতিশীল ও দক্ষ করার লক্ষ্যে এ বদলির আদেশ জারি করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।