
নোয়াখালীর সুবর্ণচরে চাঞ্চল্যকর মা-মেয়ে গণধর্ষণ মামলার মূলহোতা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতা আবুল খায়ের মুন্সি ওরফে ‘মুন্সিয়া চোরা’কে বিএনপির নির্বাচনি প্রচারণায় দেখা গেছে।শনিবার (৩১ জানুয়ারি) বিকালে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের আল-আমিন বাজারে বিএনপির নির্বাচনি কার্যালয়ে তার উপস্থিতির একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়।আওয়ামী লীগের এই বিতর্কিত নেতার আকস্মিক বিএনপি প্রীতিতে খোদ বিএনপির তৃণমূল নেতাকর্মীদের মাঝে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক নেতাকর্মী দাবি করছেন, ঊর্ধ্বতন নেতারা হয়তো কোনো অনৈতিক সুবিধার বিনিময়ে এমন একজন ঘৃণ্য ব্যক্তিকে দলে জায়গা দিচ্ছেন, যা দলকে জনবিচ্ছিন্ন ও বিতর্কিত করবে।চরওয়াপদা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অলি উদ্দিন সেলিম এ বিষয়ে বিস্ময় প্রকাশ করে বলেন, কে বা কারা আবুল খায়ের মুন্সিকে বিএনপির নির্বাচনি প্রচারণায় এনেছে, আমি জানি না। তবে তার মতো চিহ্নিত অপরাধী ও আওয়ামী লীগ নেতা যদি বিএনপির হয়ে প্রচারণা চালায়, তবে সাধারণ ভোটাররা আমাদের থেকে মুখ ফিরিয়ে নেবে।