
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একটি রাজনৈতিক দল অনৈতিক কৌশল অবলম্বন করে দেশের বিভিন্ন এলাকা থেকে ভোটারদের ঢাকায় স্থানান্তর করছে, যাতে ঢাকা মহানগরের বিভিন্ন সংসদীয় আসনে তাদের মনোনীত ও সমর্থিত প্রার্থীদের বিজয় নিশ্চিত করা যায়।রোববার (১৮ জানুয়ারি) বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।মির্জা ফখরুল বলেন, কত সংখ্যক ভোটার, কোন কোন এলাকা থেকে এবং কী কারণে ঢাকা মহানগরের কোন কোন নির্বাচনী এলাকায় স্থানান্তর হয়েছেন—এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের কাছ থেকে চাওয়া হয়েছে।এ সময় তিনি আরও অভিযোগ করেন, জামায়াতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর ও জাতীয় পরিচয়পত্রের কপি সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের পাশাপাশি একটি ফৌজদারি অপরাধ। এ বিষয়ে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।এর আগে, তিন দফা দাবিতে বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচন ভবন ঘেরাও কর্মসূচি পালন করে ছাত্রদলের নেতাকর্মীরা। পরে ছাত্রদলের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করে।বৈঠক শেষে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম বলেন, আজকের ঘেরাও কর্মসূচি এখানেই শেষ হলেও আগামীকাল থেকে আবার কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তিনি বলেন, “আর কোনো মব চলতে দেওয়া হবে না।”ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, কয়েকটি দল বিভিন্ন ইস্যুতে মব তৈরি করে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত পরিবর্তনের চেষ্টা করছে। জামায়াত ও এনসিপি মব তৈরি করলেও নির্বাচন কমিশন একটি স্বাধীন প্রতিষ্ঠান, তাদের সিদ্ধান্তে অটল থাকতে হবে।