
ঢাকা মহানগর উত্তর খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মশিকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁর প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।শনিবার (২৫ জুলাই) ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, মশিউর রহমান মশির বিরুদ্ধে ওঠা অভিযোগ পর্যালোচনা করে এ সিদ্ধান্ত অনুমোদন করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্যসচিব মোস্তফা জামান। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক এ বি এম এ রাজ্জাক।এর আগে গত ৬ জুলাই বিভিন্ন গণমাধ্যমে খিলক্ষেত এলাকায় সরকারি জমি দখল, দোকানপাট স্থাপন এবং চাঁদা আদায়ের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এসব প্রতিবেদনে মশিউর রহমান মশির বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগ উঠে আসে।