
কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্তকে চূড়ান্ত বলে মনে করছেন না তিনি। নেতাকর্মীদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় মনজুর মুন্সী বলেন, আশা হারানোর কোনো কারণ নেই এবং আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সত্যের বিজয় হবে।শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, নির্বাচন কমিশনের সাম্প্রতিক সিদ্ধান্তই শেষ কথা নয়। তার মনোনয়ন সংক্রান্ত মামলা বর্তমানে উচ্চ আদালতের বিবেচনাধীন রয়েছে এবং মামলার মেরিটের ভিত্তিতেই ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।মনজুরুল আহসান মুন্সী আরও বলেন, “আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত ন্যায়বিচার নিশ্চিত করবে এবং আমাদের মনোনয়ন পুনর্বহাল হবে। সবাইকে ধৈর্য ধরার ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি। ষড়যন্ত্রের সামনে মাথা নত নয়—আইনের পথেই আমরা এগোবো। সত্যের শক্তি আমাদের সঙ্গেই আছে। ইনশাআল্লাহ, বিজয় আমাদেরই হবে।”উল্লেখ্য, শনিবার বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ অডিটরিয়ামে শুনানি শেষে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী মনজুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলের ঘোষণা দেয় নির্বাচন কমিশন।এই আসনে ১০ দলীয় নির্বাচনি জোটের প্রার্থী হিসেবে নির্বাচন করছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।