
কৃষক-শ্রমিক-জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, শিগগিরই আওয়ামী লীগ আবার তার রাজনৈতিক অবস্থানে ফিরে আসবে। তবে অতীতের ভুল থেকে শিক্ষা না নিলে দলটি আবারও সংকটে পড়বে বলেও মন্তব্য করেন তিনি।সম্প্রতি এক টকশোতে তিনি এসব কথা বলেন।কাদের সিদ্দিকী বলেন, “আল্লাহকে হাজির-নাজির জেনে বলে যাচ্ছি, আগামী কয়েক দিন বা কয়েক মাসের মধ্যে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যেভাবে চলেছে এবং যেসব কারণে গদিচ্যুত হয়েছে, সেই পথ অনুসরণ করলে দলটি আবারও ডুববে।”তিনি বলেন, “আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের রাষ্ট্রের পিতা। যারা শেখ হাসিনার সরকারের সময়ে অতিরিক্ত ক্ষমতার অপব্যবহার করেছেন, তাদের বিচার দেশের আইন ও সংবিধান অনুযায়ী হওয়া উচিত। প্রয়োজনে শেখ হাসিনারও বিচার হতে পারে।”তবে দলীয়ভাবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ বা বন্ধ রাখার সমালোচনা করে তিনি বলেন, “দল নিষিদ্ধ করা বা রাজনৈতিক কার্যক্রম বন্ধ রাখা ঠিক হয়নি। যারা এটা করেছে, তারাই অন্যায় করেছে।”এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকেও পরামর্শ দেন কাদের সিদ্দিকী। তিনি বলেন, “বিএনপি যদি শেখ হাসিনার সরকারের মতো একইভাবে দেশ পরিচালনা করে, তাহলে তারেক রহমানের সরকারও ডুববে। মানুষের কথা শুনতে হবে, মানুষের বিশ্বাস অর্জন করতে হবে।”