
ফেনী-৩ আসনে ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করায় তাকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে।শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বে থাকা যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ দেন।শোকজ নোটিশে উল্লেখ করা হয়, নির্বাচনী আইন সহায়তা ও নির্বাচন পর্যবেক্ষক লিগ্যাল কমিটির অভিযোগ অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন বিভিন্ন পোস্টার, লিফলেট, ব্যানার ও ফেস্টুনে নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করছেন। তবে তার নির্বাচনী হলফনামায় তিনি নিজেকে ‘ডাক্তার’ হিসেবে উল্লেখ করেননি।নোটিশে আরও বলা হয়, এমবিবিএস বা বিডিএস ডিগ্রিধারী না হয়েও ‘ডাক্তার’ পদবি ব্যবহার করা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। একই সঙ্গে এটি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর ৭৭(৩)(খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ।এ বিষয়ে মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে আগামী ৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির সামনে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।উল্লেখ্য, মোহাম্মদ ফখরুদ্দিন পেশায় একজন হোমিওপ্যাথিক চিকিৎসক।