
মাদারীপুর-১ (শিবচর) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপির ১০ জন নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা বিএনপি মনোনীত প্রার্থী নাদিরা আক্তারের বিপরীতে স্বতন্ত্র ‘বিদ্রোহী’ প্রার্থীদের পক্ষে সরাসরি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন।বহিষ্কৃতদের মধ্যে আছেন:শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজাহান মোল্লা সাজু,সদস্য মাহবুব মাদবর, শামীম চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান,শিবচর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পান্নু গোমস্তা, সাইদুজ্জামান নাসিম, আলমগীর হোসেন,সদস্য মোস্তফা মোল্লা ও কুদ্দুস মোল্লা,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তুমন চৌধুরী।বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তাদের সকল পদ এবং প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায় থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।মাদারীপুর জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জাফর আলী মিয়ার মতে, শিবচরের পাশাপাশি মাদারীপুর-২ (সদর-রাজৈর) আসনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে অংশ নেওয়া নেতাদেরও বহিষ্কারের প্রক্রিয়া চলছে। তবে মাদারীপুর-৩ (কালকিনি-ডাসার) আসনে আপাতত এমন কোনো সম্ভাবনা নেই।