
হবিগঞ্জের মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদ বিন কাসেমের বদলির আদেশ জারির এক মাস পার হলেও তিনি এখনও কর্মস্থল ছাড়েননি বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।গত ৭ এপ্রিল সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সরকারি কমিশনার উম্মে সালিক রোমাইয়ার স্বাক্ষরিত এক আদেশে জাহিদ বিন কাসেমকে সিলেটের বিশ্বনাথ উপজেলায় বদলি করা হয়। একই আদেশে বিশ্বনাথ উপজেলার ইউএনও উম্মে কুলসুম রুবিকে মাধবপুরে পদায়ন করা হয়।তবে এক মাস পার হলেও বদলির কার্যক্রম বাস্তবায়ন না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। তাদের অভিযোগ, বিভাগীয় কমিশনার কার্যালয়ে “বদলি বাণিজ্য” চলছে। অনেক সময় বদলির আদেশ জারি হলেও পরে তা স্থগিত হয়ে যায়, যার পেছনে ঘুষ বা প্রভাবের বিষয় থাকতে পারে বলে দাবি করেন তারা।এ ঘটনায় সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।