
রাজধানীর খিলক্ষেত এলাকায় সংঘটিত এক অপহরণের ঘটনায় সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করতে জনসাধারণের সহায়তা চেয়েছে খিলক্ষেত থানা পুলিশ।থানা সূত্রে জানা গেছে, ভিকটিম মোঃ আসাদুজ্জামান গত ১ এপ্রিল সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটে কুড়িল বিশ্বরোডের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে একটি সাদা প্রাইভেটকারে শেয়ার যাত্রী হিসেবে গাউছিয়ার উদ্দেশ্যে রওনা হন।পরে ৩০০ ফিট পুলিশ হাউজিং এলাকার সামনে পৌঁছালে গাড়ির পেছনের সিটে বসা দুই ব্যক্তি দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার চোখ ও হাত বেঁধে ফেলে। এ সময় তারা ভিকটিমের মোবাইল ফোন, মানিব্যাগ, ডেবিট কার্ড এবং নেক্সাস পে-এর পাসওয়ার্ড নিয়ে নেয়।এরপর তাকে রূপগঞ্জ থানার আলমপুর এলাকার একটি নির্জন স্থানে ফেলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় খিলক্ষেত থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছবিতে প্রদর্শিত এক ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে।মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ওই ব্যক্তির পরিচয় বা অবস্থান সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে তদন্তকারী কর্মকর্তা এসআই ফজলে রাব্বীর (মোবাইল: ০১৭১২-০৭৮৫৩০) সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।