
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ বুধবার (২৭ মে) ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ, পশু কোরবানি ও হজের গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দিনটি পালন করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।১০ জিলহজ সকালে মিনায় পৌঁছে হাজিরা বড় জামারায় শয়তানের উদ্দেশে সাতটি কঙ্কর নিক্ষেপ করেন। ‘আল্লাহু আকবার’ ধ্বনিতে মুখর হয়ে ওঠে পুরো জামারা এলাকা। হজরত ইবরাহিম (আ.)-এর সুন্নাহর অনুসরণে সম্পন্ন হওয়া এই প্রতীকী আমলের মাধ্যমে শয়তানের কুমন্ত্রণা ও অশুভ শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তারা।কঙ্কর নিক্ষেপ শেষে শুরু হয় কোরবানির আনুষ্ঠানিকতা। মিনার নির্ধারিত স্থানে পশু জবাইয়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ এ আমল সম্পন্ন করেন হাজিরা। এছাড়া অনুমোদিত এজেন্সির মাধ্যমে কোরবানি দেওয়া হাজিরা নিশ্চিতকরণ বার্তা পাওয়ার পর পরবর্তী আনুষ্ঠানিকতায় অংশ নেন।কোরবানি শেষে মাথা মুণ্ডন বা চুল ছোট করার মধ্য দিয়ে ইহরামের বিধিনিষেধ থেকে মুক্ত হন আল্লাহর মেহমানরা। দীর্ঘ সময় পর ইহরামের সাদা পোশাক বদলে সাধারণ পোশাকে ফিরতে পেরে হাজিদের মাঝে দেখা যায় স্বস্তি, তৃপ্তি ও আনন্দের আবহ।